সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিতাংশু কুমার (এস কে) সুর-কে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পর দুদক এস কে সুরকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয় এবং একই বছরের ৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

0 মন্তব্যসমূহ