কুমিল্লা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শাওন কর্মকার ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কেরানীনগর এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাওন কর্মকারকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ভারত সরকারের প্রদত্ত একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্ল্যাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অপরাধে শাওন কর্মকারকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

0 Comments