Ticker

6/recent/ticker-posts

Ad Code

পারভেজ হত্যা: তিন আসামি গ্রেফতার, সাত দিনের রিমান্ডে


 

ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তবে মামলার এজাহারভুক্ত আসামিদের স্কুল বন্ধু বলে জানা গেছে।


পুলিশ জানায়, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন পারভেজ ও তার বন্ধুরা। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন পারভেজ। এতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সঙ্গে পারভেজের কথা-কাটাকাটি হয়।


এক পর্যায়ে পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন, তখন তাকে লক্ষ্য করে বহিরাগত কিছু যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত পারভেজকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ আটজনকে আসামি করা হয়, যাদের মধ্যে পাঁচজন বহিরাগত। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও মোবাইল কললিস্ট বিশ্লেষণ করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।


সোমবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ শুনানি শেষে তিন আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। তদন্ত কর্মকর্তারা জানান, এই তিনজনের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদে হত্যার পেছনের পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। সেইসাথে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং তিন দিনের জন্য ক্যাম্পাসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


নিহত পারভেজের পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Post a Comment

0 Comments