![]() |
ইলন মাস্ককে চিঠি পাঠালেন ড. ইউনূস |
ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য ৯০ দিনের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার প্রস্তাব করেছেন। এই উদ্যোগটি দেশের ডিজিটাল বৈষম্য কমাতে সাহায্য করবে এবং উন্নয়নশীল অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সম্ভাবনাকে দৃঢ় করবে।
চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেছেন, ইলন মাস্কের বাংলাদেশ সফর তরুণদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হতে পারে। বিশেষ করে, বাংলাদেশের গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য স্টারলিংক সেবা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনবে। তিনি এই সেবার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন।
গত ১৩ ফেব্রুয়ারি, ড. ইউনূস এবং ইলন মাস্কের মধ্যে টেলিফোনে একটি আলোচনা হয়েছিল, যেখানে তারা ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা এবং স্টারলিংক সেবা চালুর বিষয়ে কথা বলেন। ড. ইউনূস আশা করেন, স্টারলিংক সেবা দেশের জনগণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ডিজিটাল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0 Comments