ঢাকা, ২৭ ফেব্রুয়ারি: জনগণের জানমালের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "যদি কেউ দায়িত্ব পালনে অবহেলা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।"
তিনি বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানাগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর মনিটরিং
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রতিটি থানাকে তাদের কার্যক্রম আরো গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা চাই জনগণ থানায় এসে তাদের সমস্যার দ্রুত সমাধান পাক। এ ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না।"
নাগরিকদের নিরাপত্তায় সরকারের অঙ্গীকার
তিনি আরও বলেন, "সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তির সহায়তায় আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।"
এ সময় সংশ্লিষ্ট থানাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Bangla N Media 24

0 Comments